বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৭:৫২

রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের বৃক্ষরোপণ 

ছবি : বাসস

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘বৃক্ষ রোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে নগরীর তালাইমারীস্থ মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান। 
অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের মাঝের গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন করা হয়েছে। আমরা জনগণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।’

কর্মসূচির আওতায় রাজশাহী জেলার প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আঙিনা এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধন এবং সবুজায়ন কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।