বাসস
  ২১ আগস্ট ২০২৬, ০০:১৯
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০০:৪০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর অভিনন্দন

ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

সংগঠনটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার রাতে আমরা বিএনপি পরিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমরা বিএনপি পরিবার- এর প্রধান উপদেষ্টা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর মানবিক ভূমিকা ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

আরও বলা হয়, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করি।

আমরা বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।

একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।