বাসস
  ২১ আগস্ট ২০২৬, ০০:০১

গাজীপুরে খাদ্যপণ্যের লেবেলিং ও মানে অনিয়ম, ২ লাখ টাকা জরিমানা

ছবি : বাসস

গাজীপুর, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : খাদ্যপণ্যের লেবেলিংয়ে ভুল তথ্য প্রদান, খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরের শ্রীপুরে ওয়াং চাও বিডি ফুড লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত সমন্বিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। এ সময় নিরাপদ খাদ্য অফিসার, গাজীপুর ফারজানা ইয়াসমিন সোনিয়া, শ্রীপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের পুলিশ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানাটিতে খাদ্যপণ্যের লেবেলে সঠিক তথ্য প্রদান না করা এবং খাদ্য উপকরণের বিষয়ে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাদ্য সংযোজন দ্রব্যের সংরক্ষণ পদ্ধতি ও লেবেলিং যথাযথ ছিল না।

অভিযানে আরও দেখা যায়, ব্রেডের মেয়াদ ৩০ দিন উল্লেখ করা হলেও এ মেয়াদ নির্ধারণের সপক্ষে সেলফ লাইফ স্টাডি বা খাদ্যপণ্যের কোনো ল্যাবরেটরি পরীক্ষার প্রমাণক প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

এছাড়া খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট (এমএসডিএস) ও সার্টিফিকেট অব অ্যানালাইসিস (সিওএ) কারখানায় সংরক্ষণ করা হয়নি। খাদ্য উৎপাদনে সংযোজন দ্রব্য নির্ধারিত পরিমাণে ব্যবহারের প্রমাণক এবং সব খাদ্যপণ্যের চালান ও ক্রয় রসিদও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি।

মোবাইল কোর্ট এসব কার্যক্রমকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। পরে ওই আইনের ৩২(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এসব অনিয়ম সংশোধন এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।