শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন আব্দুল হান্নান। এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক’-এ ভূষিত হয়েছেন।
আব্দুল হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ইউনিটের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে প্রতি সেশনে স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ পেয়ে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে ‘ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক’ প্রদান করা হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, আব্দুল হান্নানের এই গৌরবোজ্জ্বল অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।