শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সালাহউদ্দিন আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা।
তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের আপামর জনসাধারণের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সুদীর্ঘ কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া আপামর জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই এক গৌরবময় স্বীকৃতি।
তিনি রাষ্ট্রপতির দক্ষ, সুযোগ্য ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।