শিরোনাম

রংপুর, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, প্রতি ছয় মাস পর, কোন মন্ত্রণালয় কী কাজ করছে এবং কীভাবে করছে তা পর্যালোচনা করা হবে। এভাবেই আগামী পাঁচ বছর জনগণের কাছে যেতে হবে। পাশাপাশি কী করা হয়েছে, আগামীতে কী করা হবে, সেই বিষয়গুলোও জনগণের কাছে তুলে ধরা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা উভয়ই থাকবে। পরবর্তী সরকারগুলোও জনগণের সঙ্গে এভাবে যোগাযোগ রাখতে নিজেদের কার্যক্রম তুলে ধরতে চাইবে। কেননা পাঁচ বছর পর প্রতিটি সরকারকেই জনগণের কাছে ভোট চাইতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচিত একটি সরকার। জনগণ এই সরকারকে বড় একটা বিজয় দিয়েছে। সরকার জনগণের সেই কমিটমেন্টকে যেকোনো মূল্যে রক্ষা করতে চায়।
জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নে বিভিন্ন জেলা ও উপজেলায় যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবে।
সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।