বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৯:২৫

মুন্সীগঞ্জে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

মুন্সীগঞ্জ, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য সংরক্ষণ এবং খাদ্য পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বিকালে সদর উপজেলার বিনোদপুর এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এনাম এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ জিদানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাদ্য পণ্যের হালনাগাদ মূল্য তালিকা লেখা না থাকায় এমদাম এন্টারপ্রাইজের ম্যানেজার ফয়সাল আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার দাস, খাদ্য পরিদর্শক মো. শামীম হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।