বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:১৭

শাহ আমানতে স্বর্ণের পেস্ট উদ্ধার, দুবাই ফেরত যাত্রী আটক

চট্টগ্রাম, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করা হয়েছে। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়। 

আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার আবু মুসলেমের সন্তান। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক যাত্রী মোহাম্মদ তুষার তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় পেস্ট ও পাউডার আকারে স্বর্ণ বহন করছিলেন। প্রাথমিকভাবে এর পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম বলে ধারণা করা হচ্ছে। তবে পেস্ট থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম হিসেবে বিবেচনা করলে এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা। পরীক্ষা শেষে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে সর্বোচ্চ নজরদারি অব্যাহত রাখবে।