বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:১১

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা

ছবি : বাসস

চট্টগ্রাম, ৩ আগস্ট. ২০২৬ (বাসস): চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে দু’টি টাগবোট কাজ করছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। 

বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ঘটনার পরপরই উদ্ধার ও জাহাজ সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়। অভিযানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। টাগবোট দু’টি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।