বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:১৫

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের বৃহত্তম শিক্ষার্থী স্বেচ্ছাসেবক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর উপ-পরিচালক জুম্পেই তানিগুচির নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধিদলের অপর সদস্য হলেন জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি কোয়ো তোকুরিকি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল ও ড. মো. মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। 

এছাড়া জনগণের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। বাংলাদেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ কর্মসূচি বাস্তবায়নে গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান। এই কর্মসূচি বাস্তবায়নে তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।