শিরোনাম

মুন্সীগঞ্জ, ২০ জুলাই ২০২৬ (বাসস): জেলার শ্রীনগর উপজেলায় আজ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময়ে মনীষা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকালে শ্রীনগর উপজেলার ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগর ফেরীঘাট এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্থা পারাপারকালে ঢাকামুখী ‘আরাম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মনীষা নামের ওই নারী নিহত হন। নিহত নারীর বাড়ি ঢাকা জেলার দোহারে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।