শিরোনাম

ঝিনাইদহ, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ ইয়ানুর হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার এক পর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাসস’কে জানান, হাসপাতালে পৌছানোর আগেই ইয়ানুর হোসেন নামে ওই ব্যক্তি মারা যান।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল হক ইসলাম বাসস’কে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মৃত ব্যক্তির পরিবার ও স্বজনদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ এখন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।