বাসস
  ১৯ জুলাই ২০২৬, ২০:২৭

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  

সাতক্ষীরা, ১৯ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও মোটরসাইকেল সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।  

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, কাঁকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাট নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এছাড়া কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী মোটরসাইকেল ও ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৮৫ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।