শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৯ জুলাই ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ নোংরা পরিবেশ ও স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত না করায় একটি বেকারির মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় মনিটরিংকালে নোংরা পরিবেশ ও স্বাস্থ্যসম্মত ভাবে খাদ্যপণ্য প্রস্তুত না করায় এবং উম্মুক্ত ডাষ্টবিন রাখার দায়ে ‘বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’ নামের বেকারির মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নুর ই আলম সোহাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।