বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৭:৩৬

চিফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি : জাতীয় সংসদ

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে আজ তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন- ইপিডি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান এবং ইপিডি’র প্রকল্প পরিচালক, আনাস্তাসিয়া এস. উইবাওয়া।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদকে আরও কার্যকর করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতন্ত্রই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের যাত্রা যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাই সংসদকে অধিকতর কার্যকর ও প্রাণবন্ত করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

থেইস বারম্যান বলেন, বাংলাদেশে বর্তমানে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইপিডি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আগ্রহী। তিনি বর্তমান সংসদকে অধিকতর কার্যকর ও গতিশীল করতে চিফ হুইপের দৃশ্যমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।