বাসস
  ১২ জুলাই ২০২৬, ২০:১০

ঝালকাঠিতে অসহায়দের মাঝে অটোরিকশা বিতরণ

ছবি : বাসস

ঝালকাঠি, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় অসহায় ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার দুপুর ১২ টায় পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এ সব অটোরিকশার চাবি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। 
প্রধান অতিথি বলেন, ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং তাদের জন্য স্থায়ী আয়ের উৎস সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) মিজান সালাহউদ্দিন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।