শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাইফ (১২) নামে এক চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ রামজীবনপুর গ্রামের নাসির উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামে সাইফ। সাঁতার না জানার কারণে সে এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় নদীতে গোসলরত অন্যরা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন। পরে গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।