শিরোনাম

নরসিংদী, ১৯ জুন ২০২৬ (বাসস) : জেলার মাধবদী উপজেলার মহিষাসুরা ইউনিয়নের মেন্ডাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন ফ্যাক্টরি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মো. খালিদ হোসেন শিমুল জানান, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেন্ডাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন ফ্যাক্টরি শনাক্ত করা হয়। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা ও স্থানীয় জনগণের সহযোগিতায় ফ্যাক্টরিটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্থাপনা ভেঙে দেওয়া হয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত এ ফ্যাক্টরির কারণে স্থানীয় বাসিন্দারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযান চলাকালে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা এবং নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।