শিরোনাম

কুমিল্লা (উত্তর), ১৮ জুন, ২০২৬, (বাসস): জেলার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে জমিটি উদ্ধার করা হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার ১ নম্বর খতিয়ানের বিএস ১১৩নং দাগভুক্ত ৮ শতক সরকারি রাস্তার জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি অবৈধভাবে দখল করতে না পারে, সেই বিষয়ে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকবে। একই সঙ্গে তিনি সরকারি জমি দখলের বিষয়ে স্থানীয়দের তথ্য ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে রেখেছিল। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হতো। প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে তারা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।
অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।