শিরোনাম

চট্টগ্রাম, ১৮ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তিনি বলেন, জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। খাল-নালায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, চসিকের পক্ষ থেকে নিয়মিত খাল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিচালনা করা হলেও খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।
বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর বহদ্দারহাট এলাকার ৪নং চান্দগাঁও ওয়ার্ডে ডোম খাল, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে সুন্নিয়া মাদরাসা খাল, সদর খাল, অক্সিজেন এলাকার ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে অনন্যা আবাসিক খাল এবং ৮নং শুলকবহর ওয়ার্ডের টেক্সটাইল ব্রিজ সংলগ্ন চশমা খালে খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে আমরা নগরীর খাল, নালা ও ড্রেনগুলোকে সচল করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছি। খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে, যাতে বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে।
তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গঠনে সিটি কর্পোরেশন এবং নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সহযোগিতা থাকলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নগর ব্যবস্থাপনার উন্নয়ন আরও সহজ হবে।
এসময় উপস্থিত ছিলেন- চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।