বাসস
  ১৮ জুন ২০২৬, ২০:০৪

মুন্সীগঞ্জে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৮ জুন, ২০২৬ (বাসস): জেলার সিরাজদিখান উপজেলায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার বিকেলে এসব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুপাশে বিভিন্নস্থানে আবাসন প্রকল্পের এসব সাইনবোর্ড লাগানো হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের নেতৃত্বে উপজেলা প্রশাসন ইসলামপুর থেকে সৈয়দপুর, নয়ানগর এবং শিকারপুর এলাকায় সাইনবোর্ড অপসারণের অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া, কিং ইকো রিসোর্ট নামীয় ৩টি অনুমোদনহীন আবাসন প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে লাগানো ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ জানান, জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় অনুমোদনহীন আবাসন প্রকল্পসমূহের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।