শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৮ জুন, ২০২৬ (বাসস) : জেলায় তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা প্রশাসক বলেন, দেশের কৃষি অর্থনীতিতে আম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফল। দেশে এবং আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা ব্যাপক। এই চাহিদা আরও বৃদ্ধি করতে হলে নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের সচেতনতা বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং উন্নত পরিচর্যার মাধ্যমে আমের গুণগত মান বহুগুণে বৃদ্ধি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মঞ্চের সামনে জেলা কৃষি অধিদপ্তর আয়োজিত মেলায় ১১টি স্টলে ২ শতাধিক বিভিন্ন জাতের আমসহ বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়।
পরে মঞ্চে রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়াসহ কৃষি অফিসের কর্মকর্তাসহ কৃষক ও কৃষানীরা ।
আয়োজকরা জানান- তিন দিনব্যাপী এ মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং পাশাপাশি উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়।