বাসস
  ১৮ জুন ২০২৬, ১৮:২৩

গোপালগঞ্জে কৃষকদের মাঝে নারকেল চারা ও সার বিতরণ

ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৮ জুন, ২০২৬ (বাসস) : সরকারের নির্বাচনী অঙ্গীকার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলার মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। 

বক্তারা বলেন, বিনামূল্যে উন্নত জাতের এ চারা ও সার বিতরণের ফলে অঞ্চলের কৃষকরা দারুণভাবে উপকৃত হবেন। এটি দীর্ঘমেয়াদে দেশের ফলজ উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ রুহুল কুদ্দুস আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উন্নত জাতের ফসল ও ওষুধি বৃক্ষের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলার মোট ৩৬০ জন কৃষক ও উপকারভোগীর মাঝে ১ হাজার ৮শ উন্নত জাতের নারকেল গাছের চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।