শিরোনাম

চট্টগ্রাম, ১৮ জুন, ২০২৬ (বাসস) : নগরীর পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নামানো এক ট্রাক ইলেকট্রনিক্স পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে পতেঙ্গার ১০ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইলেকট্রনিক্স পণ্যসহ দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত।
তিনি জানান, একটি অসাধু চক্র পতেঙ্গা ১০ নম্বর ঘাটে নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য খালাস করে পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় ট্রাকটি থেকে আনুমানিক ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাই ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- একটি রেফ্রিজারেটর, একটি ডিপ ফ্রিজ, দু’টি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এসি, চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এর সঙ্গে জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত এমন চোরাচালান চক্রের বিরুদ্ধে কোস্টগার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।