বাসস
  ১৮ জুন ২০২৬, ১৮:১৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ছবি : বাসস

ময়মনসিংহ, ১৮ জুন ২০২৬ (বাসস) : ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন।

এ সময় ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

আজ নগরীর গণপূর্ত ভবনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের এই যাত্রা শুরু হয়।

এ সময় নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ কর্মকর্তারা। একই সময়ে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নগরীতে উন্নয়নে যে সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করা দরকার, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরীতে গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসাবে গড়ে তুলতে। এক্ষেত্রে প্রশাসনসহ সকল পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই।

এ সময় তিনি ময়মনসিংহ বিভাগীয় শহর গঠনে পরিকল্পিত উন্নয়নেরও আশ্বাস প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।