বাসস
  ১৮ জুন ২০২৬, ১৭:১৩

কুমিল্লায় লবণের ট্রাক থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা আটক

ছবি : বাসস

কুমিল্লা, ১৮ জুন ২০২৬ (বাসস): লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তবে শেষ রক্ষা হয়নি। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রথমে ভ্যানটিকে সাধারণ পণ্যবাহী যান বলে মনে হলেও পরে বিস্তারিত তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

তিনি বলেন, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করা ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের একেবারে উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবার চালান লুকিয়ে রাখা হয়েছিল। ডিবি পুলিশের সদস্যরা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

পুলিশ সুপার আরও জানান, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতারে অভিযান চলছে।

এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।