বাসস
  ১৮ জুন ২০২৬, ১৬:২৭

নড়াইলে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। ছবি : বাসস

নড়াইল, ১৮ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী এ ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নে পুষ্টি নিরাপত্তার প্রয়োজন। খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো ফল। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে। 

তারা আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দেয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে তথা দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরব্যাপী ফল চাষ এবং তার সঠিক সংরক্ষণ এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। এ জন্য প্রতিটি বাড়ির আঙিনায়    ফলদ বৃক্ষ লাগানোর আহবান জানান বক্তারা।

মেলার উদ্বোধন শেষে বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও দপ্তর প্রধানগণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

ফল মেলা উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।