শিরোনাম

নাটোর, ১৮ জুন, ২০২৬ (বাসস): কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ জেলার বড়াইগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।
কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কল্যাণ প্রসাদ পাল এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে প্রচলিত খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরো বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে পার্টনার প্রকল্প। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা পালন করছে।