শিরোনাম

লালমনিরহাট, ১৭ জুন, ২০২৬, (বাসস): সদর উপজেলার কুলাঘাট ও নয়ারহাট বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ও পারভেজ খান অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ফার্মেসি, কসমেটিকস ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ইনজেকশন সরবরাহের দায়ে একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অপর একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উৎপাদন ও মেয়াদ উল্লেখ ছাড়া দই বিক্রির দায়ে একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং অবৈধভাবে রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মানসম্মত পণ্য সরবরাহ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
জব্দকৃত আলামত, সাক্ষ্যপ্রমাণ ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।