শিরোনাম

ময়মনসিংহ, ১৭ জুন, ২০২৬ (বাসস) : ময়মনসিংহ জেলা শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুইজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বিকাল ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণ কাজের সুবাদে তারা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন।
ঘটনার সময় কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন বহুতল ভবন মালিক ডা. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোন ধরনের গাফিলতি ছিল না।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।