বাসস
  ১৭ জুন ২০২৬, ২০:৩৩

খুলনায় শিক্ষার্থীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

ছবি : বাসস

খুলনা, ১৭ জুন ২০২৬ (বাসস) : মা হচ্ছেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক। একজন শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। 

এ উপলব্ধিকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘মা সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম. সিদ্দিক-উজ-জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু এবং অভিভাবক সদস্য সৈয়দ রাশেদুজ্জামান।

মায়েদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন, ফারজানা ইয়াসমিন রুবা। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের মায়েরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী নাঈমা হাসান তন্দ্রা ও জান্নাতুল ফেরদৌস জয়ীতার মায়ের ‘গর্বিত মা’ সম্মাননা স্মারক তুলে দেন।

এই আয়োজনের মাধ্যমে মা, শিক্ষক ও বিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। 

মা সমাবেশ স্মরণীয় করে রাখতে বিদ্যালয় সবুজ চত্বরে ১টি শিউলি ও ১টি জবা ফুলের চারা রোপণ করা হয়।