বাসস
  ১৭ জুন ২০২৬, ২০:২৪

রংপুরে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি : বাসস

রংপুর, ১৭ জুন, ২০২৬ (বাসস) : আজ বুধবার রংপুরে অর্থনৈতিক শুমারি- ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, একটি টেকসই অর্থনীতির জন্য সঠিক পরিকল্পনার বিকল্প নেই। আর সঠিক পরিকল্পনা তৈরিতে যথার্থ পরিসংখ্যান অত্যন্ত প্রয়োজন।

তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে বিভাগীয় কমিশনার বলেন, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও বিশ্লেষণ যত উন্নত হবে, প্রকাশিত পরিসংখ্যান তত গ্রহণযোগ্যতা পাবে।

তিনি সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তথ্য সংগ্রহে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম অর্থনৈতিক শুমারী- ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় সঠিক পরিসংখ্যান তৈরির বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।