শিরোনাম

লক্ষ্মীপুর, ১৭ জুন ২০২৬ (বাসস): জেলার কমলনগর উপজেলায় আজ ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের দায়ে মো. ইকবাল হোসেন (৩৫) ও নয়ন বেগম (৪২) নামের দুইব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এ দ-াদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. ইকবাল হোসেন ও নয়ন বেগম জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঠিকা গ্রামের মৃত নুরনবীর সন্তান। দণ্ডপ্রাপ্ত দু’জন সম্পর্কে ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ-প্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা এলাকায় অবস্থিত ৮৬ শতক জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তী সময়ে ওই জমির মালিকানা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাল ও ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজন করেন। জমিটির প্রকৃত মালিক চর কালকিনি এলাকার মোসলেহ উদ্দিন এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা পায় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন জানান, ভূয়া কাগজপত্রের মাধ্যমে নামজারি সৃষ্টি ও অবৈধভাবে জমি ভোগদখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’জনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভূমি দখল, জালিয়াতি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল আলম জানান, দন্ডপ্রাপ্ত দুইজনকে বুধবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।