বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:২৭

বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার

ছবি : বাসস

বরিশাল, ১৭ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৬’ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ৯টায় বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, পরিসংখ্যানের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিসংখ্যানের তথ্যের ওপর ভিত্তি করেই সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। গবেষকরা বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা করে পরিসংখ্যানের তথ্য ব্যবহার করেন। এসময় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব সালমা পারভীন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীর উপস্থিত ছিলেন।