বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:১৪

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

রাজশাহী, ১৭ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে আজ বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, দেশে মাদকসেবীদের প্রায় ৯৮ শতাংশই ধূমপানের মাধ্যমে তাদের আসক্তি শুরু করে। ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই দেশে মাদক গ্রহণকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হলেও, এবার ওইদিন সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন স্থানে সুবিধামতো সময়ে দিবসটি উদযাপিত হচ্ছে। 
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও সুধীজন।