শিরোনাম

খুলনা, ১৬ জুন ২০২৬ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এতদাঞ্চলে পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে।
এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। আর অক্সিজেন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণেই পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে নগরীর ২২ওয়ার্ড এলাকার রূপসা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারি এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদনের লক্ষে সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘কাইমেট রেজিলিয়েন্ট কিন সিটিস (থ্রি সি)’ প্রকল্পের আওতায় এ রিকভারি সেন্টারটি নির্মাণ করা হচ্ছে।
পরে কেসিসি প্রশাসক ২২নং ওয়ার্ড অফিসে এবং ২১নং ওয়ার্ডের জোড়াগেট চত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে পরিবার পর্যায়ে হোমেস্টেড গার্ডেনিং উপকরণ হিসেবে সুবিধাভোগীদের মাঝে সবজি বীজ, কমপোস্ট সার, জিও ব্যাগ ও মগ বিতরণ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার ও মো. হাফিজুর রহমান মনি, সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ সাদিকুল ইসলাম সাদী, শামসাদ আতিক কিশোর, শেখ রাশিদুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলি, শামসুজ্জামান চঞ্চল, এস এম জামালুল করিম, উপসহকারী পরিচালক মোসাম্মৎ রেক্সোনা খাতুন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল মজিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।