শিরোনাম

সাতক্ষীরা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার তালা উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস.কে ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড় দেখতে স্থানীয় ও দূর-দূরান্তের হাজারো জনতা সেখানে ভিড় জমান। ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৯টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথমস্থান অধিকার করে খুলনার কয়রা উপজেলার ভোরের পাথি দল।
খেলা শেষে বিজয়ীদলের মাঝে নগদ অর্থ ১৫ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।