বাসস
  ১৬ জুন ২০২৬, ২১:১১

বগুড়ায় ট্রেনের ধাক্কায় একজন নিহত

বগুড়া, ১৬ জুন, ২০২৬ (বাসস): জেলার কাহালুতে করতোয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ফেরদৌস (৫৫) নামে এক বেসরকারি চাকরিজীবী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কাহালু উপজেলা সদরের চারমাথা রেলগেটের আগে মাদ্রাসাতুস সাহাবার পাশে ঘটনাটি ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

জানা গেছে, ফেরদৌস ঘটনার দিন সকালে কাহালুতে দায়িত্ব পালন করতে এসে কানে হেড ফোন লাগিয়ে কাহালু-বগুড়া রেললাইনের পাশ দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাবার সময় উল্লেখিত স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমাড়ীগামী করতোয়া (৭১৩ আপ) আন্তঃনগর ট্রেনের ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে ঘটনার পর পুলিশ আসার আগেই তার সহযোগীরা ফেরদৌসের মরদেহ সিএনজিচালিত অটোরিকশায় তুলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

ঘটনার পরপরই কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এসআই মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।