শিরোনাম

কুড়িগ্রাম, ১৬ জুন, ২০২৬ (বাসস): কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী একযোগে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দুই কবির সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় অসামান্য অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে তাদের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেন এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের দুই মহীরুহ নন, তারা বাঙালি জাতির চিন্তা-চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অন্যতম পথপ্রদর্শক। তাদের সাহিত্য ও দর্শন আজও আমাদের সমাজকে আলোকিত করে চলেছে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দুই কবির সাহিত্য ও সংগীতের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানজুড়ে রবীন্দ্রনাথের বিশ্বমানবতার দর্শন এবং নজরুলের সাম্য ও বিদ্রোহের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।