বাসস
  ১৬ জুন ২০২৬, ২০:৪৫

খুলনায় এমএফএস’র অপব্যবহার ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: বাসস

খুলনা, ১৬ জুন, ২০২৬ (বাসস): মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধ এবং এর মাধ্যমে সংঘটিত অপরাধের দ্রুত ও নিখুঁত তদন্ত নিশ্চিত করার লক্ষে পুলিশ কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 আজ মঙ্গলবার সকাল ১০টায় কেএমপির পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কেএমপি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে  পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। কিন্তু প্রযুক্তিকে ঢাল বানিয়ে অপরাধীরা ও তাদের কৌশল পাল্টাচ্ছে। যে কারণে পুলিশকেও প্রযুক্তি ব্যবহারে একধাপ এগিয়ে থাকতে হবে।

তিনি তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত যে কোনো অপরাধের অভিযোগ আসা মাত্রই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত প্রতিকার পান।

তিনি আরও বলেন, গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। যেন পিন, ওটিপি না ঝুঝে কারও সঙ্গে শেয়ার না করে। এ বিষয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করতে হবে। 

তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরদের কঠোর মনিটরিং নিশ্চিত করার বিষয়ে অপরাধীদের ব্যবহৃত সন্দেহজনক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য পুলিশকে দ্রুত সরবরাহ করে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।

কর্মশালার উদ্বোধন করেন বিকাশ লিমিটেড'র এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স উপদেষ্টা ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ড. মো. নাজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো, রেজাউর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বিকাশ প্রতিনিধিগণ।