বাসস
  ১৬ জুন ২০২৬, ২০:৩৮

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী মেন্টর প্রশিক্ষণ

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৬ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মেন্টর ও প্রশিক্ষক তৈরীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রশিক্ষক ও মেন্টর অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও সক্রিয় করতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।প্রতিদিনের সমাবেশে মাদকবিরোধী শপথবাক্য পাঠ, শিক্ষার্থীদের মধ্যে মোটিভেশনাল বক্তব্য প্রদান এবং ঝরেপড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের পুনরায় শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।

এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।