বাসস
  ১৬ জুন ২০২৬, ২০:০৫

সৈয়দপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু 

নীলফামারী, ১৬ জুন, ২০২৬, (বাসস): জেলার সৈয়দপুর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলা সমাজ সেবা দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।

এসময় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ।

প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার কুমার, নাপিত ও বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ নিয়েছেন।

প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে রয়েছেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকা সদর কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা মো. আমিরুল আলম ও দিনাজপুরের হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।

সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা। 

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন এবং আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ সমাপ্ত হবে আগামী ২৫ জুন।