বাসস
  ১৬ জুন ২০২৬, ১৯:২১

হযরত শাহজালালের মাজার উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে : বক্তারা

ছবি : বাসস

সিলেট, ১৬ জুন, ২০২৬ (বাসস) : বক্তারা বলেছেন, সাত শত বছরের ঐতিহ্যের আলোকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। বিশেষ করে মাজার জিয়ারতে আসা মুসুল্লি ও ভক্তদের সুবিধা বৃদ্ধির জন্য মাজার উন্নয়নের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তারা আজ মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘হযরত শাহজালাল (রহ.) এর মাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নে করণীয়’ শীর্ষক সভায় এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাজারে আসা ভক্তদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও মাজার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় মাজারের আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করে সভায় জানানো হয়, মাজারের প্রতিটি দান বাক্সে দুটো তালা রাখা হবে এবং একটি মাজার কমিটির কাছে ও অপরটি জেলা প্রশাসনের কাছে থাকবে।

আগামী পনেরো দিন পর সবার উপস্থিতিতে যৌথভাবে তালা খুলে প্রাপ্ত টাকার হিসাব করা হবে। পরবর্তীতে প্রতি মাসে একবার আয়ের হিসাব করা হবে। মোট কথা, মাজারের সকল আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হবে।

জেলা প্রশাসক জানান, মাজারের খেদমতের সাথে সংশ্লিষ্ট পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদশন করা হবে। এছাড়া খুব শিগগিরই মাজারের ভূমি জরিপ করা হবে। মাজারের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেয়া হবে না।

সভায় আলোচনায় অংশ নেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী কয়েস লোদী, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, দরগাহ মসজিদের সেক্রেটারি মুফতি হাসান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মুফতি সোহেল, ছালিকুর রহমান চৌধুরী প্রমুখ।