শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার শাল্লা উপজেলায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান এবং সুস্থতায় সামাজিক দায়বদ্ধতা বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ইউনিসেফের সহযোগিতায় সুশীলন কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম দস্তগীরের সভাপতিত্বে ও সুশীলন প্রকল্পের শাল্লার সমন্বয়কারী তারিকুজ্জামান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, পুলিশের সহকারী উপ-পরিদর্শক ফুলন দেব প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, গর্ববতী মহিলার যেকোনো সমস্যা পরিলক্ষিত হলে বাড়িতে বসে না থেকে মেডিকেলে নিয়ে আসতে হবে। নিয়মানুযায়ী প্রয়োজনীয় খাবার গ্রহণের মাধ্যমে মা ও শিশুকে সুরক্ষিত রাখতে হবে। সবার মনে রাখা উচিত আজকের শিশুই আগামী দিনের কর্ণধার।
শাল্লার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান সংকট নিরসন ও মেডিকেলে চিকিৎসার সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান সভায় উপস্থিত ব্যক্তিবর্গ।
সুশীলন প্রকল্প সম্পর্কিত সার্বিক ব্যবস্থাপনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আলমগীর মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায়, মেডিকেলের সহকারী সার্জন ডা. সাবিনা নাহার, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী প্রমুখ।