শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৬ জুন ২০২৬ (বাসস): জেলার সিরাজদিখান উপজেলায় আজ মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খালে পড়ে মমতাজ (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মুন্সীগঞ্জ- শ্রীনগর সড়কে সিরাজদিখান উপজেলার বৌ-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের মো. লিটনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের প্রবাসী মো. লিটন ছুটি শেষে দুবাই যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাস যোগে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি সিরাজদিখান উপজেলার বৌ-বাজারে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খালে পড়ে যায়। এতে মো. লিটনের স্ত্রী মমতাজ ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
এদিকে, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।