বাসস
  ১৬ জুন ২০২৬, ১৭:২৯

ঝিনাইদহে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি : বাসস

ঝিনাইদহ, ১৬ জুন ২০২৬ (বাসস): ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক এক সেমিনার আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ সকালে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৩ ও ২০২৪-এর বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, কৃষি, খামার, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্থনৈতিক প্রবণতা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, সঠিক ও হালনাগাদ তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অর্থনৈতিক শুমারিকে আরও নির্ভুল ও কার্যকর করতে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ফরিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মো. আশিক বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঝিনাইদহ জেলার উপপরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার জুনিয়র সহকারী পরিসংখ্যান কর্মকর্তা খানজাহান আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, দোকান মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।