শিরোনাম

কুষ্টিয়া, ১৬ জুন ২০২৬ (বাসস): জেলায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে মাদক সহ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ৮টায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৪ কেজি গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৪ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে, সোমবার দুপুর ১টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ হাজার ৪৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার আটশ’ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য মোট ১৯ লাখ নয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।