শিরোনাম

দিনাজপুর, ১৬ জুন, ২০২৬ (বাসস): জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আজ বিজিবি’র অভিযানে ৭শ’ ১৮ বোতল নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ ভোর রাতে ২৯ বিজিবি অধীনস্থ জেলার বিরামপুর এবং কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক দু’টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে ওই দু’টি সীমান্ত এলাকায় চোরাচালানিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৭১৮ বোতল নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার যৌন উত্তেজক সিরাপের মূল্য ১ লক্ষ ৭ হাজর ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়,পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আগামীতে বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল উদ্ধার এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।