শিরোনাম

যশোর, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলা সদর ও মণিরামপুর উপজেলায় আজ পৃথক অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে খাদ্য সামগ্রী প্রস্তুতকারি চারটি প্রতিষ্ঠানকে মোট একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান।
অভিযানকালে যশোর শহরের মুজিব সড়কের ফাস্টফুড প্রতিষ্ঠান ‘ঝটপট’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মণিরামপুর উপজেলার ‘আজমীর বেকারি’কে ২০ হাজার টাকা, ‘রাফি-সিমাম বেকারি’কে দশ হাজার টাকা এবং ‘বনফুল সুইটস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান জানান, অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি, মূল্যতালিকা প্রভৃতি এসব বিষয় যাচাই করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।