বাসস
  ১৫ জুন ২০২৬, ১৯:৪৫
আপডেট : ১৫ জুন ২০২৬, ২০:০৫

চাঁদপুরে খাল দূষণ ও ভরাটের দায়ে রাইস মিলকে জরিমানা 

ছবি : বাসস

চাঁদপুর, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাটের দায়ে দু’টি মিলের মালিককে মোট একলাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের পুরান বাজারে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিলের মালিককে একলাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অপসারণের জন্য রাইসমিল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।